Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ছাত্র সংসদের তহবিলে কোটি কোটি টাকা! সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের
রাজ্য

ছাত্র সংসদের তহবিলে কোটি কোটি টাকা! সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের

sajal ghosh 2
Email :4

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের তহবিল নিয়ে বড় দুর্নীতির অভিযোগ তুললেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তথ্য ও নথি পাঠিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সজল ঘোষের (Sajal Ghosh) অভিযোগ, ছাত্র সংসদের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে। ব্যাঙ্কের পাসবইয়ের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, সাধারণত ছাত্র সংসদের জন্য পড়ুয়াদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হয়। সেই টাকা থেকে বছরে আড়াই কোটি টাকার তহবিল তৈরি হওয়া সম্ভব নয়।

সোশাল মাধ্যমে নাম না করেই সুরেন্দ্রনাথ কলেজের (Sajal Ghosh) এক প্রভাবশালী ব্যক্তিকে নিশানা করেন সজল। তাঁর অভিযোগ, কলেজে বছরের পর বছর ‘লক্ষ্য’ নামে অনুষ্ঠান করা হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠান আসলে একটি বিশেষ গোষ্ঠীর টাকা তোলার মাধ্যম ছিল।

বিজেপি বিধায়কের (Sajal Ghosh) কথায়, “আমরাও বহু বছর ছাত্র সংসদ চালিয়েছি। কিন্তু কখনও এত টাকা তহবিলে আসেনি। এই টাকা কোথা থেকে এল, কারা দিল, কেন দিল— সব কিছু তদন্ত হওয়া উচিত।”

সজল (Sajal Ghosh) আরও দাবি করেন, এখনও ওই তহবিলে এক কোটির বেশি টাকা রয়েছে। কীভাবে ছাত্র সংসদের অ্যাকাউন্টে এত বিপুল টাকা জমা হল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আবেদনও করেছেন মুখ্যমন্ত্রীর কাছে।

বিজেপির অভিযোগ, ভর্তির নামে বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। বছরের পর বছর এইভাবেই কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি তাদের। এই ঘটনায় কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের একাংশের যোগ থাকতে পারে বলেও অভিযোগ তুলেছে বিজেপি।

সোশাল মাধ্যমে সজল ঘোষ এই অভিযোগ প্রকাশ করার পর বহু বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীও কলেজের নানা অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। ফলে সুরেন্দ্রনাথ কলেজের এই বিতর্ক ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts