নন্দীগ্রামে ভোটের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠল। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেই পবিত্র করের এলাকায়ই বড় ভাঙন ধরালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুক্রবার নন্দীগ্রামের বয়াল এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানসহ তৃণমূলের একাধিক নেতা-কর্মী বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতেই এই যোগদান কর্মসূচি হয়। উল্লেখ্য, পবিত্র কর একসময় এই এলাকাতেই বিজেপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
এদিন থেকেই নন্দীগ্রামে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রথম দিন তিনি বিরুলিয়া, হরিপুর, টেঙুয়া সহ একাধিক এলাকায় প্রচার করেন। প্রচারে নেমেই তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতাকে নিজের দলে টেনে এনে রাজনৈতিক বার্তা দেন তিনি।
প্রতিপক্ষ পবিত্র কর সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, তিনি ব্যক্তিগত আক্রমণ করতে চান না। তাঁর কথায়, ভোটাররাই ঠিক করবেন কে যোগ্য প্রার্থী। ইভিএমে সবার নাম ও ছবি থাকবে, মানুষই সিদ্ধান্ত নেবেন।
উল্লেখযোগ্য, গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন পবিত্র কর। তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়। সেই প্রেক্ষাপটেই এই দলবদল ঘটনাকে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
ভোটের আগে নন্দীগ্রামে এই পাল্টাপাল্টি রাজনৈতিক চাল আরও উত্তেজনা বাড়াচ্ছে।












