রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিষয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠাল রাজ্য সরকার (Nabanna)। নবান্নের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরের সময় কোনও প্রোটোকল ভাঙা হয়নি। সমস্ত প্রামাণ্য নথি এবং সেই দিনের ঘটনার ধারাবাহিক বিবরণ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরকে ঘিরেই পরে বিতর্ক শুরু হয় (Nabanna)। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অভিযোগ তোলে, রাষ্ট্রপতির সফরের নির্দিষ্ট প্রোটোকল মানা হয়নি। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক।
সূত্রের খবর, রবিবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে রাষ্ট্রপতির সফর সংক্রান্ত সমস্ত তথ্য, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নথিপত্র তুলে ধরা হয়েছে। উত্তরবঙ্গ সফরের প্রতিটি পর্যায়ের ঘটনার ধারাবাহিক বিবরণও সেখানে উল্লেখ করা হয়েছে (Nabanna)।
রিপোর্টে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এই সফরে প্রোটোকলের কোনও নির্দেশ লঙ্ঘন করা হয়নি। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দিতে এসেছিলেন, সেই অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়টিও কেন্দ্রকে জানানো হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে (Nabanna)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, সেই প্রশ্নও তুলেছিল কেন্দ্র। রিপোর্টে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে ওই নির্দিষ্ট অনুষ্ঠানের বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। মুখ্যমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির রাজ্য সফরের কথা তিনি জানতেন, কিন্তু ওই অনুষ্ঠানের আয়োজক কারা বা অনুষ্ঠানটি কী নিয়ে, সে বিষয়ে তাঁর কাছে স্পষ্ট তথ্য ছিল না বলে তিনি জানান।
নবান্নের তরফে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সচিবালয় এবং রাজ্য প্রশাসনের মধ্যে এই সফর নিয়ে আগে থেকেই নথি আদানপ্রদান হয়েছিল। রাষ্ট্রপতিকে স্বাগত জানানো এবং বিদায় জানানোর সময় কারা উপস্থিত থাকবেন, তা দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই ঠিক করা হয়। সেই তালিকাতেই নির্দিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না বলেও জানানো হয়েছে।
এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সফরের আগে পাঁচ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছিলেন। সেই সময় আয়োজক বেসরকারি সংস্থার তরফে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। এই বিষয়টি লিখিতভাবে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হয়েছিল এবং ফোন করেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয় বলে দাবি রাজ্যের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের চিঠিতে আরও জানিয়েছিল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট নিয়মাবলি বা ব্লু বুকের নির্দেশ মানা হয়নি। তবে রাজ্যের মুখ্যসচিব তাঁর রিপোর্টে এই অভিযোগের জবাবে বিস্তারিত তথ্যপ্রমাণ এবং প্রাসঙ্গিক নথি উল্লেখ করেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।










