পশ্চিম এশিয়ার সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরেও। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার জেরে দেশে রান্নার গ্যাসের দাম আবার বেড়েছে (LPG Price Hike)। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি দাম বেড়েছে প্রায় ষাট টাকা। এর ফলে কলকাতায় এখন একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে প্রায় নয়শো ঊনচল্লিশ টাকা। শনিবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
শুধু ঘরোয়া গ্যাস নয়, বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে (LPG Price Hike)। জানা গিয়েছে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে প্রায় একশো চোদ্দো থেকে একশো পনেরো টাকা পর্যন্ত বেড়েছে। ফলে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রেও খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে (LPG Price Hike)। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের রান্নার খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে রাস্তায় নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে হাতা খুন্তি নিয়ে পথে নামতে তৃণমূল কর্মীদের আহ্বান জানানো হয়েছে।
এই বিষয়েই এবার রাজ্য সরকারকে নতুন প্রস্তাব দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, চাইলে রাজ্য সরকার গ্যাসের দাম কিছুটা কমাতে পারে। তাঁর বক্তব্য, গ্যাসের দাম যতটা বেড়েছে, সেই পরিমাণ যদি রাজ্য সরকার ভর্তুকি দেয়, তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে (LPG Price Hike)।
অধীর চৌধুরী বলেন, রাজ্যের কাছে তাঁর আবেদন, মানুষের স্বার্থে গ্যাসের দামের উপর ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হোক। তিনি আরও বলেন, রাজ্য যখন বিভিন্ন প্রকল্পে অনুদান দিচ্ছে, তখন গ্যাসের ক্ষেত্রেও সেই ধরনের সাহায্য করা যেতে পারে।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে অধীর বলেন, যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেদের জন্য অর্থ দেওয়া যায়, তাহলে গ্যাসের ক্ষেত্রেও সাহায্য করা সম্ভব। কারণ রান্নার গ্যাস মূলত বাড়ির মহিলারাই ব্যবহার করেন। তাই তাঁদের রান্নাঘরে যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখে গ্যাসে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়া এবং পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতে ব্যবহৃত রান্নার গ্যাসের বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে।











