ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রতিবাদেই ধর্মতলার মেট্রো চ্যানেলের ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল দলের একাধিক নেতা-নেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের। তাঁদের মধ্যে ছিলেন গায়ক কবীর সুমন ও কবি জয় গোস্বামী। মঞ্চ থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তাঁদের (Kabir Suman)।
ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কবীর সুমন বলেন (Kabir Suman), ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার রক্ষার লড়াই চলছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, কেউ অপছন্দ করলেই মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না। বিজেপিকে কটাক্ষ করে তিনি (Kabir Suman) বলেন, তিনি ভাবতেও পারেননি যে দলটি এতটা নির্বোধ হতে পারে। তাঁর দাবি, বিজেপি কিছুতেই জিতবে না। একই সঙ্গে তিনি বলেন, তিনি নিজেকে তৃণমূল সমর্থক বলেন না, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেন। তাঁর কথায়, বিধানচন্দ্র রায়ের পর কলকাতার এত উন্নতি আর কোনও মুখ্যমন্ত্রীর আমলে হয়নি। শহরের রাস্তা ও পরিকাঠামোর উন্নতির কথাও তিনি তুলে ধরেন (Kabir Suman)।
মঞ্চে বসেই কবীর সুমন গান শোনান। তিনি গেয়ে শোনান “আজি বাংলাদেশের হৃদয় হতে” গানটি। গান থামিয়ে হাস্যরসের ভঙ্গিতে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ওদের গাল টিপে দিন, ওরা এমনিই ভোটে হেরে যাবে। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি আরেকটি গানও পরিবেশন করেন।
এদিকে কবি জয় গোস্বামীও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং বহু প্রবীণ মানুষকে নিজেদের পরিচয় প্রমাণ করতে ঘুরতে হচ্ছে। তাঁর কথায়, নব্বই বছর বয়সী মানুষকেও প্রমাণ দিতে যেতে হচ্ছে। এতে অনেকেই মানসিক চাপে পড়ছেন। কেউ কেউ আত্মহত্যাও করেছেন বলে তিনি দাবি করেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জয় গোস্বামী জানান, ছোটবেলা থেকেই তিনি সংবাদপত্র পড়ার অভ্যাস করেছেন এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর কোনও মুখ্যমন্ত্রী দেখেননি। বক্তব্যে নন্দীগ্রামের ঘটনাও তিনি স্মরণ করেন।
ধরনা মঞ্চে এদিন উপস্থিত ছিলেন শশী পাঁজা, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায় এবং জুন মালিয়া সহ তৃণমূলের বহু নেতা-নেত্রী। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও বক্তব্য রাখেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি আগামীকাল বিস্তারিত বক্তব্য রাখবেন। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনা শনিবারও চলবে।













