চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে ‘বিচারাধীন’ লেখা দেখেই দেশছাড়া হওয়ার ভয়। সেই আতঙ্কেই মালদহের হরিশচন্দ্রপুরে এক মহিলা বিষ খেয়ে আত্মহত্যা (Suicide) করেছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের কান্নায় ভারী পরিবেশ। তাঁদের অভিযোগের তির নির্বাচন কমিশনের দিকেই।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম হাজেরা বিবি। তিনি (Suicide) মালদহ জেলার হরিশচন্দ্রপুরের দৌলতপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বহু বছর ধরেই সেখানে বসবাস করতেন। এসআইআরের ফর্মও তিনি যথাযথভাবে পূরণ করেছিলেন বলে দাবি পরিবারের। কিন্তু সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘বিচারাধীন’ লেখা দেখে ভেঙে পড়েন তিনি। পরিবারের দাবি, সেই থেকেই তিনি ভীষণ চিন্তায় ছিলেন। বারবার বলছিলেন, তাঁকে হয়তো দেশ ছাড়তে হবে।
পরিবার সূত্রে খবর, মানসিক চাপে পড়েই তিনি (Suicide) বিষ খান। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে আতঙ্কের খবর সামনে এসেছে। শুধু গুজব বা আশঙ্কা থেকেই বহু মানুষ চরম পদক্ষেপ (Suicide) নিয়েছেন বলে অভিযোগ। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। কাজের চাপ ও মানসিক চাপে একাধিক বিএলও-র মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এখনও পর্যন্ত এসআইআর পর্বে রাজ্যে মৃতের সংখ্যা ১৬৫ বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের মানসিক সুরক্ষার বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে। মালদহের এই মর্মান্তিক ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল রাজ্যে।











