বিধানসভা নির্বাচনের আগে ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশকে ঘিরে সাধারণ ভোটার থেকে রাজনৈতিক মহল—সবার নজর এখন সেই দিকেই। কতজনের নাম তালিকা থেকে বাদ পড়বে, তা নিয়েই উদ্বেগ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন, অন্তত ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে। তাঁর অভিযোগ, লজিক্যাল অসঙ্গতির অজুহাতে গোপনে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, এসআইআর প্রক্রিয়া চলাকালীন বহু মানুষের ভোটাধিকার ইতিমধ্যেই হারিয়ে গেছে। তাঁর বক্তব্য, প্রথমে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়, এরপর ধীরে ধীরে আরও নাম বাদ দেওয়া হচ্ছে। মৃত ভোটারের সংখ্যা ধরলে মোট বাদ পড়া নামের সংখ্যা ১ কোটি ২০ লক্ষে পৌঁছতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি নিজে সুপ্রিম কোর্ট গিয়েছেন এবং তাঁর আবেদন এখনও বিচারাধীন রয়েছে বলেও জানান।
তিনি (Mamata Banerjee) আরও বলেন, আদালতের নির্দেশের পর কয়েক দিন কেটে গেলেও কাজের গতি নিয়ে প্রশ্ন রয়েছে। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর যাঁদের নাম থাকবে না, তাঁদের মানসিক কষ্ট কতটা হবে তা ভেবেই উদ্বিগ্ন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বৈধ কোনও ভোটারের নাম যেন বাদ না যায় এবং গণতান্ত্রিক অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করেন, কোন ভোটার কোন দলের বা কোন ধর্মের—তা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল ভোটাধিকার রক্ষা।
এদিকে এসআইআরের নথি যাচাইয়ের কাজ বিচার বিভাগীয় আধিকারিকরা চালিয়ে যাচ্ছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নথি যাচাই শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। পরে প্রয়োজনে সম্পূরক তালিকা প্রকাশ করা যেতে পারে বলেও জানা গেছে।












