সকাল থেকেই খবরের শিরোনামে আই-প্যাকের অফিসে ইডির তল্লাশি। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে বেসরকারি ভোটকুশলী সংস্থা আই-প্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি আধিকারিকরা প্রতীক জৈনের বাড়িতে ঢোকার প্রায় এক ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তাঁর ঢোকার কিছুক্ষণের মধ্যেই আচমকা ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোনও রকম ঘোষণা ছাড়াই তড়িঘড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতীক জৈনের বাড়িতে যখন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা বিভিন্ন নথি ও কাগজপত্র খতিয়ে দেখছিলেন, সেই সময়েই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তল্লাশির মধ্যে প্রবেশ করেন। কোথাও কেন্দ্রীয় এজেন্সির অভিযান চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সেখানে উপস্থিত হওয়া এই রাজ্যে নজিরবিহীন ঘটনা। এর আগে রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি গেলে বাইরে ধরনায় বসতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে, কিন্তু এবার তিনি ঢুকে পড়লেন বাড়ির ভিতরে।
প্রায় পনেরো মিনিট প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ঢোকার সময় তাঁর হাতে কিছু ছিল না। কিন্তু বেরোনোর সময় তাঁর হাতে দেখা যায় একটি সবুজ রঙের ফাইল। সেই ফাইলে ঠিক কী ছিল, তা নিয়ে শুরু হয় জল্পনা।
বেরিয়ে এসে অত্যন্ত ক্ষুব্ধ স্বরে মুখ্যমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা আসলে দলের আইটি ইনচার্জের সমস্ত হার্ড ডিস্ক সংগ্রহ করতে এসেছিল। তাঁর দাবি, দলের প্রার্থীদের তালিকা, রাজনৈতিক পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই তল্লাশি। মুখ্যমন্ত্রী সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, “এটাই কি অমিত শাহের কাজ? আমার দলের সব তথ্য সংগ্রহ করতে ইডি পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “যে দেশকে রক্ষা করতে পারে না, সে আমার আইনি অফিসে ইডি পাঠায়।” তাঁর অভিযোগ, একদিকে এসআইআর-এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, আর অন্যদিকে এইভাবে তল্লাশি চালিয়ে দলের পরিকল্পনা কুক্ষিগত করার চেষ্টা চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতীক তাঁর দলের দায়িত্বে রয়েছেন। তাই দলের সমস্ত গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক এবং নথি তিনি নিজেই ফাইলে গুছিয়ে নিয়ে এসেছেন।












