ভোটের কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার রাজ্যের সব লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার খুলে দেওয়া হয়েছে (Liquor Shop)। আর দোকান খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল উপচে পড়া ভিড়। শহর থেকে জেলা—সব জায়গাতেই একই ছবি চোখে পড়েছে।
প্রথম দফার ভোটের জন্য নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ রাখার কথা থাকলেও এবার সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল দোকানগুলি। ফলে টানা তিন দিন দোকান বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের লম্বা লাইন দেখা যায়।
অনেক জায়গায় দোকান খোলার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন মানুষ (Liquor Shop)। এই ভিড় দেখে অনেকেরই করোনা সময়ের কথা মনে পড়ে যায়, যখন লকডাউন শিথিল হওয়ার পর মদের দোকানের সামনে একই রকম ভিড় দেখা গিয়েছিল।
এবার শুধু ভোট হওয়া জেলাগুলিতে নয়, পুরো রাজ্যজুড়েই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল (Liquor Shop)। এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই কিছু প্রশ্ন উঠেছিল। এমনকী কলকাতাতেও কেন দোকান বন্ধ রাখা হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যের নির্বাচন কর্তৃপক্ষের শীর্ষ আধিকারিকরা।
জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের আগেও আবার একই নিয়ম চালু হবে। ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে ফের বন্ধ হয়ে যাবে মদের দোকান। ফলে প্রথম ও দ্বিতীয় দফার মাঝখানে খুব অল্প সময়ের জন্যই দোকান খোলা রয়েছে।
এই কারণেই অনেকে মনে করছেন, সময় কম থাকায় ক্রেতারা এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। তাই সকাল থেকেই দোকানের সামনে এমন ভিড় দেখা যাচ্ছে।










