গণনার আগে বড় আইনি পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের দুই দফার বিধানসভা নির্বাচনে গণনাকেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুপারভাইজার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়েছে দল। প্রধান বিচারপতি সূর্য কান্ত শনিবার এই বিষয়ে জরুরি শুনানির নির্দেশ দিয়েছেন (Supreme Court)।
ফল ঘোষণার দু’দিন আগে এই আবেদন করেছে তৃণমূল। এর আগে একই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। বিচারপতি কৃষ্ণ রাও তাঁর রায়ে জানান, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে কোনও বেআইনি কিছু নেই। কমিশনের অধিকার রয়েছে, তারা রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্য থেকে কাউকে নিয়োগ করতে পারে (Supreme Court)।
তৃণমূলের অভিযোগ, ৩০ এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটি নির্দেশ জারি করা হয়, যেখানে বলা হয়েছিল প্রতিটি টেবিলে অন্তত একজন কেন্দ্রীয় সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী থাকতে হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যায় তৃণমূল (Supreme Court)।
দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, এই নির্দেশ যথাযথ ক্ষমতা ছাড়াই জারি করা হয়েছে এবং এটি শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। তৃণমূলের আরও দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন্দ্রের শাসক দলের প্রভাবে থাকতে পারেন।
তবে আদালত এই আশঙ্কা খারিজ করে দেয়। বিচারপতি বলেন, গণনাকক্ষে শুধু সুপারভাইজার বা সহকারীরা থাকেন না, সেখানে প্রার্থীদের এজেন্ট, পর্যবেক্ষকসহ আরও অনেকেই উপস্থিত থাকেন। ফলে একতরফা প্রভাব খাটানোর সুযোগ নেই।
নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মেনেই এই নিয়োগ করা হয়েছে। কোনও রাজনৈতিক দল কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে না বলেও দাবি করা হয়। পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেই কেন্দ্রীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এই ঘটনাকে ঘিরে গণনার আগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এবং এখন নজর সুপ্রিম কোর্টের শুনানির দিকে।










