এক সময় বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে সক্রিয় হয়েছিল তৃণমূল। গোয়া, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে সংগঠন বিস্তারের চেষ্টা করেছিল দল। সেই সময় দিল্লিতেও নিজেদের সাংগঠনিক উপস্থিতি আরও শক্তিশালী করতে বড় পরিসরে নতুন পার্টি অফিস তৈরি করা হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে এবার দিল্লিতে দলীয় দফতরের ঠিকানাতেও বড় পরিবর্তন এল (TMC Party Office)।
দিল্লির রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নতুন পার্টি অফিস (TMC Party Office) থেকে দীর্ঘদিন ধরে দলীয় কাজকর্ম পরিচালিত হত। সেখানে নিয়মিত যাতায়াত ছিল দলের নেতা, সাংসদ এবং কর্মীদের। কিন্তু সেই দফতরটি সংসদের নথি অনুযায়ী সাংসদ পার্থ ভৌমিকের সরকারি বাংলো হিসেবে নিবন্ধিত ছিল।
রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পার্থ ভৌমিকের অবস্থান বদল হওয়ায় তৃণমূল নেতৃত্ব নতুন করে দফতর ব্যবহারের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, এরপর দ্রুত সেই দফতর থেকে দলীয় সামগ্রী সরিয়ে নেওয়া হয় (TMC Party Office)।
এরপর আবার সাউথ অ্যাভিনিউয়ের পুরনো পার্টি অফিসে ফিরে যায় তৃণমূল। নতুন করে সেখানে দলীয় সাইনবোর্ড লাগানো হয়েছে। দীর্ঘদিন ধরে দিল্লিতে তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এই পুরনো দফতরই (TMC Party Office)।
জানা গিয়েছে, সাউথ অ্যাভিনিউয়ের ওই বাংলোটি রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের নামে বরাদ্দ। বর্তমানে তিনি তৃণমূলের সঙ্গেই রয়েছেন। ফলে আপাতত সেখান থেকেই দিল্লিতে দলীয় কাজকর্ম পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে।
দিল্লিতে দলীয় দফতরের এই পরিবর্তন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে এই পদক্ষেপকে ঘিরে নানা ব্যাখ্যা উঠে আসছে। যদিও দলীয় সূত্রে বিষয়টিকে প্রশাসনিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।












