প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বাংলায় ভোটদানের হার নতুন রেকর্ড গড়ল। বিকেল পাঁচটার মধ্যেই ভোটের হার ৯০ শতাংশ ছাড়িয়ে যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। ফলে স্বাধীনতার পর সবচেয়ে বেশি ভোটদানের নজির তৈরি হল রাজ্যে (Bengal Election)। তবে এত বিপুল ভোটদানের মধ্যেও নানা জায়গায় ভোগান্তির ছবি সামনে এসেছে।
পূর্ব বর্ধমানের বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সন্ধ্যার পরেও ভোটারদের লম্বা লাইন দেখা যায়। বাণীপীঠ বালিকা বিদ্যালয়ের কয়েকটি বুথে শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এরই মধ্যে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। অনেক ভোটার ক্ষোভ প্রকাশ করেন (Bengal Election)। তাঁদের অভিযোগ, ভোটগ্রহণের গতি খুবই ধীর ছিল। এক একজনকে ভোট দিতে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
অন্যদিকে হাওড়ার ডোমজুড় এলাকাতেও সমস্যা দেখা যায়। একটি বুথে বিকেল তিনটে নাগাদ ইভিএম বিকল হয়ে যায় বলে অভিযোগ। ফলে দীর্ঘক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। নতুন মেশিন আসতে দেরি হওয়ায় বুথের বাইরে লম্বা লাইন তৈরি হয়। সন্ধ্যার পরেও বহু মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অনেকেই দুই ঘণ্টা বা তারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানান (Bengal Election)।
সব মিলিয়ে একদিকে রেকর্ড ভোটদানের আনন্দ, অন্যদিকে কিছু জায়গায় ভোগান্তির অভিজ্ঞতা—দুই মিলিয়েই শেষ হল দ্বিতীয় দফার ভোট।










