রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা আরও উন্নত করতে এবার আচমকাই আর জি কর হাসপাতালে পৌঁছে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Health Minister)। শনিবার দুপুরে কাউকে আগে থেকে কিছু না জানিয়েই তিনি হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগ, শিশু ও মহিলা ওয়ার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতালের বিভিন্ন পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখার পর পরিচ্ছন্নতা, অব্যবস্থা এবং দালালচক্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসক-পড়ুয়াদের হোস্টেলেও যান তিনি (Health Minister)। বিভিন্ন জায়গার অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন। তাঁর বক্তব্য, সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা নিয়ে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও কোনও পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন হাসপাতালে এভাবেই আচমকা পরিদর্শন চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) বলেন, রোগী ভর্তি হওয়ার পর অকারণে আয়া রাখার প্রবণতা বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শও দেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, কোনও দালাল যদি টাকা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে তাঁকেও সরাসরি জানানো যেতে পারে। ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত কোনও সমস্যা হলেও দ্রুত অভিযোগ করার আবেদন জানান তিনি।
এর আগেও বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম ধরা পড়েছিল। সেই ঘটনার পর গাফিলতির অভিযোগে কয়েকজন কর্মীকে শোকজ করা হয় (Health Minister)। তারও আগে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার পরিদর্শনে গিয়ে পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার আর জি কর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আচমকা সফরের পর সরকারি হাসপাতালগুলিতে নজরদারি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।








