ভোটের আগে নারী ও যুব ভোটারদের টানতে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি (BJP)। সঙ্কল্পপত্রে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। তারই ধারাবাহিকতায় নববর্ষে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশের পর এবার যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি।
নিউটাউনের একটি হোটেলে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় (BJP)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বক্সার বিজেন্দ্র সিং। তাঁদের হাত দিয়েই এই কার্ড প্রকাশ করা হয়।
এই যুবশক্তি কার্ড কোনও নতুন প্রকল্প নয়। বিজেপির সঙ্কল্পপত্রে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, সেই সব প্রতিশ্রুতির নিশ্চয়তা হিসেবেই এই কার্ড প্রকাশ করা হয়েছে। এই কার্ডে যুব সমাজের জন্য একাধিক সুবিধার কথা বলা হয়েছে (BJP)।
বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী পাঁচ বছরে বিপুল কর্মসংস্থানের কথাও বলা হয়েছে। প্রতি বছর নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে বয়সের সীমায় ছাড় দেওয়া হবে। পাশাপাশি যারা ব্যবসা শুরু করতে চান, তাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে লিয়েন্ডার পেজ বলেন, গত কয়েক বছরে রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের অবস্থা খারাপ হয়েছে। বহু যুবক কাজ এবং পড়াশোনার জন্য রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। তিনি বলেন, বাংলাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং যুব সমাজকে রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এর আগে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে মহিলাদের জন্যও মাসিক আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তাদের দাবি, মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ।
সব মিলিয়ে ভোটের আগে নারী ও যুব সমাজকে লক্ষ্য করে বিজেপির এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।













