তাপসী পান্নুকে (Tapsi Pannu) অনেক সময়ই পাপারাজ্জিদের সঙ্গে স্পষ্টভাষী এবং কঠোর আচরণের জন্য জয়া বচ্চনের সঙ্গে তুলনা করা হয়। নেটদুনিয়ায় কেউ তাঁকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’, আবার কেউ ‘জয়া বচ্চন লাইট’ বলেও কটাক্ষ করেন। তবে এই তুলনাকে মোটেই খারাপ ভাবে দেখছেন না তাপসী। বরং তিনি মনে করেন, এটি তাঁর জন্য প্রশংসারই বিষয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী (Tapsi Pannu) । তাপসী জানান, তিনি সব সময় কোনও বিষয়ের ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করেন। জয়া বচ্চনকে তিনি অত্যন্ত গুণী অভিনেত্রী এবং শক্তিশালী নারী বলে মনে করেন। তাই তাঁর সঙ্গে তুলনা করা হলে সেটিকে নিজের প্রতি সম্মান হিসেবেই দেখেন তাপসী।
পাপারাজ্জিদের সঙ্গে তাপসীর একাধিক বার বাকবিতণ্ডার ঘটনা সামনে এসেছে। ২০২২ সালে ‘দোবারা’ ছবির প্রচারের সময়ও এমনই একটি ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দেরিতে পৌঁছনোর অভিযোগে আলোকচিত্রীরা অসন্তোষ প্রকাশ করলে তাঁদের আচরণের প্রতিবাদ করেছিলেন তাপসী (Tapsi Pannu) । তাঁর বক্তব্য ছিল, ছবি তোলাকে যেন বাড়তি পাওনা হিসেবে দাবি করা না হয়।
সেই ঘটনার পর থেকেই তাপসীর আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। পাপারাজ্জিদের একাংশের দাবি ছিল, তাপসীর মেজাজের কারণে তাঁর ছবি তুলতে অনেকেই স্বচ্ছন্দ বোধ করেন না। যদিও সেই অভিযোগ মানতে নারাজ অভিনেত্রী।
তাপসীর (Tapsi Pannu) দাবি, তিনি কখনও কারও সঙ্গে অশালীন আচরণ করেননি এবং কারও সঙ্গে গলা উঁচু করে কথা বলারও প্রয়োজন বোধ করেন না। তাঁর মতে, নিজের ব্যক্তিগত সীমারেখা স্পষ্ট রাখার কারণেই অনেকে তাঁর আচরণ নিয়ে অস্বস্তিতে পড়েন।
তাপসী বলেন, তিনি কাউকে গালিগালাজ করেন না। তবে কোন আচরণ তাঁর কাছে ঠিক এবং কোনটি ভুল, সেই বিষয়ে তাঁর অবস্থান খুব পরিষ্কার। তাঁর মতে, একজন নারী নিজের সিদ্ধান্ত এবং নীতিতে অটল থাকলে অনেকেই তা সহজ ভাবে নিতে পারেন না।
পাপারাজ্জিদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী (Tapsi Pannu)। তাঁর বক্তব্য, তাঁরা অনেক সময় খুব কাছ থেকে উচ্চস্বরে তাঁর নাম ধরে ডাকতে থাকেন। অথচ এত কাছে দাঁড়িয়ে চিৎকার করার প্রয়োজন কী, তা তিনি বুঝতে পারেন না। তাপসীর কথায়, বাবা-মায়ের পর বড় হয়ে ওঠার পর আর কেউ তাঁর উপর এ ভাবে চিৎকার করেননি।
তবে এত কিছুর পরেও তিনি কখনও পাল্টা চিৎকার করেননি বলেই দাবি করেছেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে তাঁর ভিডিয়োর শিরোনাম এবং ছবির সঙ্গে দেওয়া লেখাগুলি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, অনেক সময় বিষয়গুলিকে এমন ভাবে তুলে ধরা হয়, যা তাঁর বক্তব্যের সঙ্গে পুরোপুরি মেলে না।
তাপসী (Tapsi Pannu) আরও জানান, তিনি সত্যিই কারও উপর রেগে গেলে বরং চুপ করে যান। সেই ব্যক্তির সঙ্গে কথা বলা বা তর্কে জড়ানোর বদলে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন। তাঁর দাবি, নিজের স্বভাব সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন এবং অন্যের সঙ্গে কথা বলার সময়ও সম্মান বজায় রাখার চেষ্টা করেন।
তাই জয়া বচ্চনের সঙ্গে তুলনা হোক বা পাপারাজ্জিদের সঙ্গে তাঁর পুরনো বিতর্ক, তাপসীর বক্তব্য একটাই—তিনি নিজের সীমারেখা স্পষ্ট রাখতে চান। সেই স্পষ্টবাদী স্বভাবই তাঁকে বার বার আলোচনায় নিয়ে আসে বলে মনে করছেন অভিনেত্রী।









