অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, ভারতীয়রা দুধে মেশা চিনির মতো। পৃথিবীর যে দেশেই তাঁরা থাকুন না কেন, সেখানকার সমাজের সঙ্গে সহজেই মিশে যান এবং ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
প্রধানমন্ত্রী বলেন (PM Modi), ভারতীয়রা যেখানে যান, সেখানে ভালোবাসা ছড়িয়ে দেন। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় অনেকের বাড়ির দুধ স্থানীয় হলেও সেই দুধের চা ভারতীয়। এই উপমার মাধ্যমে তিনি বোঝাতে চান, ভারতীয়রা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিবাচক প্রভাব তৈরি করছেন।
এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের প্রসঙ্গ তুলে বলেন, দুই দেশের অংশীদারিত্ব এক আর এক মিলে দুই হওয়ার মতো। তার জবাবে নরেন্দ্র মোদি বলেন, একে অপরের পাশে দাঁড়ালে শুধু দুই নয়, এগারো হয়ে যায়। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা দুই দেশের শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যও উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর বৃহস্পতিবার দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। পরমাণু শক্তি সহযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কড়া বার্তা দেন। তিনি (PM Modi) বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় ভারত সবসময় দৃঢ় অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।












