ভোটের আবহে রবিবারের জনসভায় রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বাঁকুড়ার বড়জোড়ায় সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হন তিনি। ‘দুষ্কৃতী রাজ’ এবং ‘সিন্ডিকেট সংস্কৃতি’ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ভোটের আগে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তাঁর অভিযোগ, তৃণমূলের সঙ্গে যুক্ত কিছু দুষ্কৃতী রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
সভা থেকে প্রধানমন্ত্রী (PM Modi) সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৩ ও ২৯ এপ্রিলের আগে দুষ্কৃতীদের থানায় গিয়ে আত্মসমর্পণ করা উচিত। না হলে ৪ মে-র পর তাঁদের রক্ষা করা যাবে না। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পর বাংলায় পরিবর্তন আসবে এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।
মোদির (PM Modi) বক্তব্যে উঠে আসে কলকাতার প্রসঙ্গও। তাঁর অভিযোগ, শহরে তৃণমূলের কিছু নেতা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন এবং চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, এই ভয় দেখানো আসলে তৃণমূলের ভিতরের আতঙ্কের বহিঃপ্রকাশ। এতদিন যারা মানুষকে ভয় দেখিয়েছে, এখন তারাই ভয় পাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির বদল ঘটবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
এদিনের সভায় তৃণমূলের বালি ও কয়লা সিন্ডিকেট নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, এই সিন্ডিকেট রাজ্যের উন্নয়নকে আটকে রেখেছে। বিজেপি সরকার এলে এই সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করা হবে বলে আশ্বাস দেন তিনি। ভোটের আগে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।











