বাদল অধিবেশনের ঠিক আগে দেশের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (PM Modi)। শনিবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি তৃণমূল ছেড়ে গঠিত এনসিপিআই গোষ্ঠীর লোকসভার দলনেতা। এই বৈঠকের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, লোকসভায় আলাদা দলের স্বীকৃতি পাওয়ার বিষয়টি কি দ্রুত এগোতে চলেছে?
রবিবার সর্বদল বৈঠকের জন্য সংসদ বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে এনসিপিআইয়ের সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার-সহ এই গোষ্ঠীর নেতাদের চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে লোকসভার আসন বিন্যাসেও দেখা গিয়েছে, তৃণমূলের মোট আটাশ জন সাংসদের মধ্যে কুড়ি জনকে আলাদা আসনে বসার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত লোকসভার স্পিকার এই গোষ্ঠীকে আলাদা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেননি। ফলে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকায় উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষই ইতিবাচক বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে।
দিল্লির রাজনৈতিক মহলে নরেন্দ্র মোদি ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা বহুদিন ধরেই পরিচিত। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলাদা দলের স্বীকৃতি, সংসদে নতুন সমীকরণ এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশল—সব মিলিয়ে এই বৈঠক এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।











