রাম মন্দিরের (Ram Mandir) দানবাক্স থেকে কোটি কোটি টাকা চুরির অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। অনুদান সংগ্রহ, টাকা গণনা এবং নিরাপত্তা ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে মন্দিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। একই সঙ্গে চালু হয়েছে বিশেষ পোশাকবিধিও।
সূত্রের খবর, সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে অনুদানের টাকা গণনার প্রক্রিয়ায় (Ram Mandir)। এখন থেকে টাকা গণনার দায়িত্বে থাকা প্রত্যেক কর্মীকে নির্দিষ্ট কক্ষে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে দুই স্তরের নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তাঁদের জন্য নির্দিষ্ট গাঢ় নীল রঙের বিশেষ পোশাক নির্ধারণ করা হয়েছে। সেই পোশাকে কোনও ধরনের পকেট রাখা হয়নি। উদ্দেশ্য একটাই, যাতে কেউ নগদ টাকা বা অন্য কোনও মূল্যবান সামগ্রী লুকিয়ে বাইরে নিয়ে যেতে না পারেন।
শুধু পোশাক নয়, বদলে গিয়েছে টাকা গণনার পদ্ধতিও (Ram Mandir)। এখন থেকে কর্মীদের চেয়ার-টেবিলে নয়, মাটিতে বসেই অনুদানের টাকা গুনতে হবে। টাকা গণনার ঘরে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ কিংবা অন্য কোনও ব্যক্তিগত জিনিস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জুতো পরেও ওই ঘরে ঢোকা যাবে না বলে নতুন নিয়মে জানানো হয়েছে।
এদিকে কোটি টাকার চুরির অভিযোগে বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক নথিপত্র খতিয়ে দেখা হবে। গত পাঁচ বছরের সমস্ত হিসাব পরীক্ষা করার প্রস্তুতি নিয়েছেন তদন্তকারীরা। মন্দির নির্মাণে কত টাকা খরচ হয়েছে, ভক্তদের কাছ থেকে কত অনুদান এসেছে, সোনা, রুপো এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাবও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে (Ram Mandir)।
তদন্তকারী সংস্থার লক্ষ্য, আর্থিক লেনদেনের প্রতিটি স্তর যাচাই করে কোনও অনিয়ম বা দুর্নীতির প্রমাণ রয়েছে কি না, তা সামনে আনা। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেই কারণেই মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তা এবং অনুদান ব্যবস্থাপনায় একাধিক কঠোর নিয়ম চালু করেছে।










