অপারেশন সিঁদুরের এক বছর পূর্তিতে দেশজুড়ে স্মরণ ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে। শত্রুর ভূখণ্ডে ঢুকে কড়া জবাব দেওয়ার সেই অভিযানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে ফের আলোচনায় উঠে এসেছে ভারতের সামরিক শক্তি ও কৌশলগত সিদ্ধান্ত।
২০২৫ সালের ৭ মে শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। তার আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান নিরীহ পর্যটকরা। অভিযোগ, পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা জঙ্গিরা ধর্মীয় পরিচয় দেখে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে আক্রমণ চালায়। এই ঘটনার পরই ভারত কড়া প্রতিক্রিয়া জানায়।
সেই হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা অভিযান চালিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। মোট নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানা যায়। একই সময়ে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার মতো বড় সিদ্ধান্তও নেয় ভারত। তখন থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, সন্ত্রাস এবং সহযোগিতা একসঙ্গে চলতে পারে না (PM Modi)।
অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে এই অভিযানকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) তাঁর সামাজিক মাধ্যমের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন তাঁর প্রোফাইল ছবিতে কালো পটভূমিতে অপারেশন সিঁদুর লেখা এবং তিরঙ্গা পতাকা দেখা যাচ্ছে।
এই পরিবর্তনের মাধ্যমে তিনি (PM Modi) সেনাবাহিনীর সাহসিকতা এবং দেশের নিরাপত্তার জন্য নেওয়া কঠোর পদক্ষেপকে শ্রদ্ধা জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। এক বছর পরও অপারেশন সিঁদুর ঘিরে দেশজুড়ে আবারও দেশপ্রেম ও সামরিক সাফল্যের আলোচনার ঝড় উঠেছে।









