হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রায় চল্লিশ মিনিট ধরে দুই নেতার মধ্যে এই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ইরানকে চাপে রাখতে হরমুজ প্রণালীতে অবরোধ তৈরি করেছে আমেরিকা। এর ফলে বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জলপথে বড় সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের সংঘর্ষের পর ইরান ও আমেরিকার মধ্যে সাময়িক বিরতির চেষ্টা হলেও তা সফল হয়নি। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এই অবস্থায় মোদি (PM Modi) ও ট্রাম্পের ফোনালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই আলোচনায় হরমুজ প্রণালীকে দ্রুত স্বাভাবিক করা প্রয়োজন বলে দু’দেশই মত দিয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
ফোনালাপের পর মোদি (PM Modi) জানান, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে হরমুজ প্রণালীকে খোলা এবং নিরাপদ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত মার্চ মাসে দুই নেতার মধ্যে কথা হয়েছিল। তখনও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই কারণে নতুন করে এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
হরমুজ প্রণালীতে সমস্যা তৈরি হওয়ায় ভারতের জ্বালানি ক্ষেত্রেও প্রভাব পড়তে শুরু করেছে। তাই এই সংকট দ্রুত মেটানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মোদি ও ট্রাম্পের এই ফোনালাপ আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।












