তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কার মুখে পড়লেন এম কে স্ট্যালিন (MK Stalin)। বিধানসভা নির্বাচনের ফলের পর থেকেই একের পর এক শরিক দল জোট ছাড়তে শুরু করেছে। এবার প্রায় নয় বছরের সম্পর্ক শেষ করে ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করল ভাইকোর দল এমডিএমকে। এই সিদ্ধান্তের ফলে স্ট্যালিনের রাজনৈতিক অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
দীর্ঘদিন ধরেই ডিএমকের(MK Stalin) গুরুত্বপূর্ণ শরিক ছিল এমডিএমকে। কিন্তু এবারের নির্বাচনে যথাযথ গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলেছেন ভাইকো। তাঁর দাবি, বড় শরিক হওয়া সত্ত্বেও তাঁদের মাত্র চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়। শুধু তাই নয়, নিজেদের প্রতীকেও ভোটে লড়তে পারেনি এমডিএমকে। ডিএমকের প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে হয়েছে। দলীয় বিবৃতিতে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে দলের নিজস্ব পরিচয় ও আদর্শের সঙ্গে আপস করতে হয়েছে।
এর আগে কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং মুসলিম লিগের মতো একাধিক শরিক দলও স্ট্যালিনের জোট থেকে দূরে সরে যায়। এবার সেই তালিকায় যুক্ত হল এমডিএমকে (MK Stalin)। রাজনৈতিক মহলে জোর জল্পনা, ভাইকোর দল ভবিষ্যতে বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক শিবিরের সঙ্গে হাত মেলাতে পারে। সাম্প্রতিক সময়ে তামিল রাজনীতিতে বিজয়ের উত্থান স্ট্যালিনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলেই মত অনেকের।
এদিকে স্ট্যালিনকে (MK Stalin) ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণেরও জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, কংগ্রেসের দূরত্ব বাড়ার পর বিজেপির তরফ থেকেও স্ট্যালিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হতে পারে। যদিও ডিএমকে এবং বিজেপির আদর্শগত অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ব্রাহ্মণ্যবাদ বিরোধী ও ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য পরিচিত ডিএমকের সঙ্গে বিজেপির সরাসরি জোট সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। তবুও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যতে কী সমীকরণ তৈরি হয়, সেদিকেই নজর রয়েছে।










