আরও একবার অসাবধানতার মাশুল দিতে হল একটি পরিবারকে (Jalpaiguri)। বাড়ির পাশের পুকুরে পড়ে জলে ডুবে মৃত্যু হল মাত্র দুই বছরের এক শিশুর। রবিবার সকালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পুণ্ডিবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রাজীব সরকার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবারের দাবি, রাজীবের বাবা বলাই সরকার পেশায় রঙমিস্ত্রি। রবিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির বাইরে বেরিয়ে যায় ছোট্ট রাজীব (Jalpaiguri)। কিছুক্ষণ পর সে বাড়ির পাশের পুকুরের ধারে পৌঁছে যায়। প্রাথমিক অনুমান, অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে জলে তলিয়ে যায় শিশুটি।
অনেকক্ষণ বাড়িতে শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় (Jalpaiguri)। তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
হঠাৎ এই ঘটনায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মা ও পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা ছুটে আসেন। ছোট্ট রাজীবের অকাল মৃত্যুতে গোটা পুণ্ডিবাড়ি এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন (Jalpaiguri)।
এলাকাবাসীর একাংশের মতে, বর্ষার সময় বাড়ির আশপাশে থাকা পুকুর ও জলাশয় শিশুদের জন্য বড় বিপদের কারণ হয়ে ওঠে। তাই ছোট শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং জলাশয়ের আশপাশে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শও উঠে এসেছে।













