ভোটের দিন মুর্শিদাবাদের নওদায় চরম উত্তেজনা ছড়াল। তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর। কেন্দ্রীয় বাহিনীর সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে (Noada)।
নওদা (Noada) বিধানসভার ১৭৩ ও ১৭৪ নম্বর বুথে যান হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, ওই বুথে তাঁর দলের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেই এজেন্টকে ফের বসানোর দাবিতেই তিনি সেখানে যান। এরপরই তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন।
ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি হাবিব মাস্টার। সেখানেই হাবিব মাস্টার ও হুমায়ুন কবীরের (Noada) মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি লেগে যায়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এগিয়ে আসে। দু’পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু উত্তেজনা এতটাই বেড়ে যায় যে, হুমায়ুন কবীর তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান এবং পাল্টা হুঁশিয়ারি দেন। দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Noada)।
তৃণমূলের অভিযোগ, হুমায়ুনের দলের কর্মীরা তাদের সমর্থকদের মারধর করেছে। এমনকি তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও তোলা হয়েছে। যদিও এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবুও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।
ঘটনার প্রতিবাদে হুমায়ুন কবীর রাস্তার উপরেই চেয়ার পেতে বসে পড়েন। তাঁকে ঘিরে জড়ো হন তাঁর দলের কর্মী ও সমর্থকেরা। সব মিলিয়ে ভোটের দিন নওদায় উত্তেজনা চরমে পৌঁছেছে।












