কলকাতায় আসার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন নাকাশিপাড়ার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ (Kallol Kha)। শনিবার দুপুরে নদিয়ার কোতোয়ালি থানার ইটলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালক এবং সঙ্গী একরাম শেখও। তিনজনকেই উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় একটা কুড়ি মিনিট নাগাদ নাকাশিপাড়া থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন কল্লোল খাঁ (Kallol Kha)। ইটলা এলাকায় পৌঁছতেই একটি লরি আচমকা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরে যায় বলে অভিযোগ। সেই সময় কল্লোল খাঁদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের শব্দ শুনে স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় কল্লোল খাঁর (Kallol Kha) মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানিয়েছেন তাঁর সঙ্গী একরাম শেখ। গাড়ির চালকও শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন। একরাম শেখের একটি হাত ভেঙে গিয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লরির গতিবিধি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।










