পরিশ্রম এবং প্রতিভার সেরা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে দুরন্ত ব্যাটিং করে ক্রিকেটপ্রেমীদের মন জয়ের পর এবার ভারতীয় সিনিয়র (Indian Cricket) দলে সুযোগ পেলেন এই তরুণ ব্যাটার। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ সামনে এসেছে তাঁর।
আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের পর থেকেই বৈভবকে জাতীয় দলে (Indian Cricket) নেওয়ার দাবি উঠছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। আয়ারল্যান্ড সিরিজ, ইংল্যান্ড সিরিজ এবং এশীয় ক্রীড়া প্রতিযোগিতার জন্য ভারতীয় দলের যে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে জায়গা পেয়েছেন বৈভব।
এই সুযোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি রেকর্ডও ভেঙে দিলেন তিনি। ১৯৮৯ সালে ১৬ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক করেছিলেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ড ভেঙে আরও কম বয়সে জাতীয় দলে সুযোগ পেলেন বৈভব। ফলে ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলেই মনে করছেন অনেকে।
এবারের আইপিএলে বৈভবের ব্যাট কথা বলেছে অন্য ভাষায়। গোটা প্রতিযোগিতায় সর্বাধিক রান করে তিনি অরেঞ্জ ক্যাপ জিতেছেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এবং ম্যাচ জেতানোর ক্ষমতা নির্বাচকদের নজর কেড়েছিল অনেক আগেই। নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, বৈভব সম্পূর্ণ নিজের যোগ্যতায় এই সুযোগ অর্জন করেছে। তাঁর মতে, আইপিএলের মতো বড় মঞ্চে বৈভব যেভাবে পরিণত ব্যাটিং করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সুযোগ পেলে জাতীয় দলেও সে ভালো পারফরম্যান্স করবে বলেই আশা নির্বাচকদের (Indian Cricket)।
দল ঘোষণার পর আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। অন্যদিকে এই দলে জায়গা হয়নি সূর্যকুমার যাদবের। সাম্প্রতিক সময়ে তাঁর ধারাবাহিক খারাপ ফর্মের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামার সুযোগ পাননি তিনি।
এদিকে এশীয় ক্রীড়া প্রতিযোগিতার দলেও কয়েকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন হর্ষিত রানা। তাঁর সঙ্গে রয়েছেন জসপ্রীত বুমরাও। আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে রবি বিষ্ণোইয়েরও। দুই দলেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তিলক বর্মাকে।
সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের উত্থানের বার্তা স্পষ্ট। আর সেই তালিকার সবচেয়ে উজ্জ্বল নাম এখন বৈভব সূর্যবংশী।












