দেশের ছাত্র ও যুব সমাজকে আন্দোলনের জন্য দেশবিরোধী বলা ঠিক নয় বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি বলেন, গণতন্ত্রে বিক্ষোভ ও আন্দোলন স্বাভাবিক বিষয়। তরুণদের মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাঁদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা উচিত।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) জানান, দেশের বর্তমান যুব প্রজন্মের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, কোনও আন্দোলনে অংশ নিলেই কাউকে দেশবিরোধী বলা উচিত নয়। তরুণরা দেশের উন্নতি, পরিবর্তন এবং নিজেদের ভবিষ্যতের স্বার্থেই প্রতিবাদে সামিল হয়।
তিনি (Mohan Bhagwat) আরও বলেন, আগের প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্ম বেশি প্রশ্ন করে। তারা যুক্তির ভিত্তিতে উত্তর খোঁজে এবং সমাজ ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়। এই মানসিকতাকে ইতিবাচক বলেই মনে করেন তিনি।
মোহন ভাগবতের বক্তব্য, গণতন্ত্রে আলোচনা এবং আন্দোলন একে অপরের পরিপূরক। মানুষের অভিযোগ, ক্ষোভ এবং দাবি থাকতেই পারে। বিশেষ করে দেশের শিক্ষা ব্যবস্থায় এখনও বহু উন্নতির প্রয়োজন রয়েছে। তাই ছাত্রছাত্রীদের মত প্রকাশ এবং দাবি জানানোর অধিকারকে সম্মান করা উচিত।
তিনি (Mohan Bhagwat) স্পষ্ট ভাষায় বলেন, ছাত্রদের কখনওই আন্দোলন না করার পরামর্শ দেবেন না। তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। তাঁর মতে, তরুণদের কণ্ঠস্বর দমন নয়, বরং তাঁদের কথা শুনে সমস্যার সমাধান করা প্রয়োজন।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা কখনওই বাণিজ্যিক পণ্য হতে পারে না। সমাজ এবং সরকারের যৌথ উদ্যোগে শিক্ষার মান উন্নত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও জরুরি।
ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, ঘটনার সমস্ত তথ্য তাঁর কাছে নেই। তাই সেই বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করতে চান না। তবে দেশের যুব সমাজের সততা এবং উদ্দেশ্যের উপর তাঁর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি।












