অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চলতি আগস্ট মাসের তিন হাজার টাকা এই মাসের মধ্যেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সরকার জানিয়েছে, অনলাইনে আবেদন করার সময় বহু ক্ষেত্রে ভুল এবং অসঙ্গতি ধরা পড়েছে। সেই কারণেই প্রতিটি আবেদন নতুন করে যাচাই করা হচ্ছে। বিডিও স্তরে বিস্তারিত সমীক্ষা ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত উপভোক্তারা কোনওভাবেই বঞ্চিত না হন।
নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, পনেরো আগস্টের পর থেকেই ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে (Annapurna Yojana) । তবে আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা অযোগ্য ব্যক্তি আবেদন করলে কোনওভাবেই টাকা দেওয়া হবে না। তিনি বলেন, যাঁরা আর্থিকভাবে স্বচ্ছল বা নিয়মিত কর দেন, তাঁদের পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। সরকারের লক্ষ্য শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারের হাতে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অনেক আবেদনকারী অনলাইনে ভুল তথ্য দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করার সময় তথ্যগত ভুল হয়েছে (Annapurna Yojana) । কিছু আবেদনকারীর ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যেও সমস্যা ধরা পড়েছে। সেই কারণেই প্রতিটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। সমীক্ষা শেষ হওয়ার পর যাচাই করা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পাঠানো হবে। সরকার স্পষ্ট জানিয়েছে, স্বচ্ছতা বজায় রেখেই এই প্রকল্পের অর্থ বিতরণ করা হবে, যাতে প্রকৃত প্রাপকেরাই সুবিধা পান।











