পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রাম পঞ্চায়েত অফিসে (Panchayat Office) শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। অভিযোগ, পিণ্ডিরা গ্রামের বাসিন্দা কালু দলুই নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় হঠাৎ পঞ্চায়েত অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। তাঁর আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিসে। কর্মীরা প্রথমে তাঁর সমস্যা জানতে চাইলে তিনি কোনও উত্তর না দিয়ে চিৎকার শুরু করেন। এরপর অফিসে থাকা কম্পিউটার, বিদ্যুতের মিটার, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় আধ ঘণ্টা ধরে অফিসের (Panchayat Office) ভিতরে তাণ্ডব চালান ওই ব্যক্তি। বাধা দিতে গেলে এক কর্মীর গলা টিপে ধরার অভিযোগও উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কর্মীরা নিরাপদ জায়গায় সরে যেতে বাধ্য হন। অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথিও ছড়িয়ে-ছিটিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন (Panchayat Office)। তাঁদের উদ্যোগেই পুলিশে খবর দেওয়া হয়। কাছেই থাকা দুই সিভিক ভলান্টিয়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং অভিযুক্তকে অফিসের বাইরে নিয়ে যান। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান।
স্থানীয়দের একাংশের দাবি, আবাস প্রকল্পের অনুদান না পাওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে। যদিও পুলিশ এখনও সেই অভিযোগের সত্যতা যাচাই করছে। অভিযুক্তের বিরুদ্ধে অন্য কারও প্ররোচনা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
পেশায় দিনমজুর কালু দলুইয়ের বিরুদ্ধে নিয়মিত মদ্যপানের অভিযোগও রয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ ঘটনার জেরে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।





