দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার (Nabanna)। সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে নবান্ন। একই সংস্থাকে বারবার কাজ দেওয়া কিংবা টেন্ডার না ডেকে চুক্তির মেয়াদ বাড়ানোর মতো প্রক্রিয়ায় এবার কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত এই নির্দেশ ইতিমধ্যেই সমস্ত সরকারি দপ্তরে পৌঁছে গিয়েছে।
নতুন নির্দেশে বলা হয়েছে, কোনও সংস্থার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে (Nabanna)। যাতে সময়মতো নতুন সংস্থা নির্বাচন করা যায় এবং কোনওভাবেই পুরনো সংস্থার চুক্তি বাড়ানোর প্রয়োজন না পড়ে।
সরকার (Nabanna) আরও জানিয়েছে, প্রতিটি দপ্তরের প্রধানকে নিয়মিতভাবে সমস্ত চুক্তির অগ্রগতি খতিয়ে দেখতে হবে। প্রতি মাসে পর্যালোচনা বৈঠক করে সেই তথ্য অর্থ দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কারণে টেন্ডার প্রক্রিয়ায় দেরি হলে বা নিয়ম না মেনে চুক্তির মেয়াদ বাড়ানো হলে তা আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে ধরা হবে। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, শুধু সময়ের অভাব বা প্রশাসনিক বিলম্বের অজুহাতে কোনও সংস্থার কাজের মেয়াদ বাড়ানো যাবে না। নতুন টেন্ডার ডাকা বাধ্যতামূলক। সরকারি কাজে প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে (Nabanna)।
মুখ্যসচিব তাঁর নির্দেশে উল্লেখ করেছেন, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর বারবার একই সংস্থার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য অর্থ দপ্তরের অনুমতি চাইছে। আবার কোথাও কোথাও অর্থ দপ্তরের অনুমতি ছাড়াই সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের মতে, এই ধরনের প্রবণতা স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।
এই নতুন নিয়ম শুধু সরকারি দপ্তরেই সীমাবদ্ধ থাকবে না। রাজ্য সরকারের অধীনস্থ স্থানীয় প্রশাসন, সরকারি সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন সংস্থা এবং অন্যান্য আধা সরকারি প্রতিষ্ঠানকেও এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। সরকারের আশা, এই নতুন ব্যবস্থা চালু হলে টেন্ডার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং দুর্নীতির সুযোগ অনেকটাই কমে আসবে।













