রাজ্য পুলিশে বড়সড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। একসঙ্গে ৩৩ জন আইপিএস আধিকারিকের দায়িত্ব পরিবর্তনের নির্দেশ জারি হয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সুপ্রতিম সরকার (Bengal Police)। তাঁকে সিআইডির অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে সরিয়ে অতিরিক্ত মহাপরিচালক, টেলিযোগাযোগ পদে পাঠানো হয়েছে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নটরাজন রমেশবাবু। তিনি এতদিন কারা বিভাগের মহাপরিচালক ছিলেন।
এই রদবদলের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন হয়েছে। কে জয়রামনকে উত্তরবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে অর্থনৈতিক অপরাধ দমন শাখার প্রধান করা হয়েছে (Bengal Police)। বিশাল গর্গকে পশ্চিমাঞ্চল থেকে গোয়েন্দা শাখায় আনা হয়েছে। প্রবীণ ত্রিপাঠিকে বিশেষ বাহিনী থেকে সরিয়ে হোমগার্ড বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দায়িত্বেও পরিবর্তন হয়েছে। স্পর্শ নীলাঙ্গীকে এনফোর্সমেন্ট শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার পদেও রদবদল হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়াকে কলকাতা পুলিশে আনা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন শ্রীকান্ত জগন্নাথ রাও। কোচবিহারের নতুন পুলিশ সুপার হয়েছেন মণীশ যোশি (Bengal Police)।
সম্প্রতি বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ওই জেলায়ও প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পিনাকী দত্তকে জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি নজর রয়েছে সুপ্রতিম সরকারের বদলিকে ঘিরে। তিনি সিআইডির প্রধান হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। এখন সেই দায়িত্ব নিয়েছেন নটরাজন রমেশবাবু। প্রশাসনিক এই রদবদলকে ঘিরে রাজ্যের পুলিশ মহলে শুরু হয়েছে জোর আলোচনা।











