দীর্ঘদিন ধরে বড় শিল্পের অপেক্ষায় থাকা বাংলায় নতুন করে আশার বার্তা মিলছে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর শিল্প বিনিয়োগ বাড়াতে একের পর এক শিল্পপতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করছেন। বৃহস্পতিবার সেই তালিকায় যোগ দিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। সূত্রের খবর, বাংলায় আরও বড় বিনিয়োগের ইচ্ছার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সরকারি সামাজিক মাধ্যমের পাতা থেকে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠকের কথা জানানো হয়। বর্তমানে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে গোয়েঙ্কা গোষ্ঠীর বড় বিনিয়োগ রয়েছে। কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবার দায়িত্বও তাদের সংস্থার হাতে। এবার বিদ্যুতের পাশাপাশি অন্য ক্ষেত্রেও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে গোয়েঙ্কা গোষ্ঠী বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, বাংলায় এখন শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সেই কারণেই নতুন প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে রাজ্য সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরাও নবান্নে এসে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেছেন। সাম্প্রতিক সময়ে একাধিক শিল্পগোষ্ঠীর এই আগ্রহকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও শিল্পমহলের একাংশ। তাদের ধারণা, নতুন প্রশাসনিক পরিবেশে শিল্প স্থাপনের কাজ দ্রুত এগোতে পারে এবং বিনিয়োগকারীদের জন্যও পরিস্থিতি আরও সহজ হবে। সেই কারণেই বাংলাকে ঘিরে নতুন করে আগ্রহ বাড়ছে দেশের বড় শিল্পগোষ্ঠীগুলির।












