সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার পিনাক (Pinaka) রকেট সিস্টেমের সফল পরীক্ষা করল ভারত। ওড়িশার চাঁদিপুরে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, পরীক্ষায় ছোড়া প্রতিটি রকেট নির্ধারিত লক্ষ্যভেদ করেছে। এই সাফল্যের ফলে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হল বলেই মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন, নির্ধারিত গতিপথ মেনে প্রতিটি রকেট নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে (Pinaka) । উৎক্ষেপণের সময় মোতায়েন থাকা বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা রকেটের পুরো উড়ান সফলভাবে পর্যবেক্ষণ করেছে। সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী ও ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী (Pinaka) ।
পিনাক (Pinaka) একটি অত্যাধুনিক বহু নলবিশিষ্ট রকেট উৎক্ষেপণ ব্যবস্থা। এতে দুটি উৎক্ষেপণ প্যাড রয়েছে এবং প্রতিটি প্যাডে ছয়টি করে রকেট রাখা যায়। মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে মোট বারোটি রকেট ছোড়ার ক্ষমতা রয়েছে এই ব্যবস্থার।
আগে পিনাকের কার্যক্ষমতা ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার। উন্নত সংস্করণে সেই পাল্লা বেড়ে প্রায় পঁচাত্তর থেকে নব্বই কিলোমিটার হয়েছে। সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় বলে যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার আরও কার্যকর। এই কারণেই আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও পিনাকের চাহিদা দ্রুত বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।











