ভোটের কৌশল তৈরি করে দেশের বহু রাজনৈতিক দলকে জয়ের পথে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু নিজে কখনও ভোটের লড়াইয়ে নামেননি। সেই অবস্থান থেকে সরে এসে এবার বড় ঘোষণা করলেন জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এবার তিনি (Prashant Kishor) নিজেই নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে বিহারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রবিবার সাংবাদিক বৈঠকে জন সূরজ পার্টির রাজ্য সভাপতি মনোজ ভারতী ঘোষণা করেন, আগামী ত্রিশ জুলাই বঙ্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে লড়বেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। দীর্ঘদিন ধরেই এই কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে প্রথম নির্বাচনী লড়াইয়েই কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন তিনি।
এটাই হবে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জীবনের প্রথম নির্বাচন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করলেও তিনি নিজে ভোটে দাঁড়াননি। নিজের রাজনৈতিক দল গঠনের পরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার সেই সিদ্ধান্ত বদলে সরাসরি ভোটের ময়দানে নামছেন তিনি।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিশ জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে তিন অগস্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তেরো জুলাই। এই আসনটি আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের দখলে ছিল। তিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়েছে। এখনও এই কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
নির্বাচনে লড়ার ঘোষণা করে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, বঙ্কিপুরের মানুষ শিক্ষিত এবং সচেতন। তাঁরা যদি তাঁর উপর ভরসা রাখেন, তাহলে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। একই সঙ্গে তাঁর দাবি, তিনি একমাত্র বিধায়ক হলেও বাকি সব বিধায়কের তুলনায় আরও বেশি কার্যকর ও প্রভাবশালী ভূমিকা পালন করতে পারবেন।
উল্লেখ্য, গত বিহার বিধানসভা নির্বাচনে জন সূরজ পার্টি প্রায় সব আসনেই প্রার্থী দিলেও একটি আসনেও জয় পায়নি। সেই ব্যর্থতার পর এবার নিজেই ভোটের ময়দানে নেমে ভাগ্য পরীক্ষা করতে চলেছেন প্রশান্ত কিশোর। তাঁর এই সিদ্ধান্ত বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।













