Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • অবশেষে কর্মীদের কথা মনে পড়ল! ‘এক ডাকে অভিষেক’ চালু হতেই তৃণমূলে নতুন জল্পনা
রাজ্য

অবশেষে কর্মীদের কথা মনে পড়ল! ‘এক ডাকে অভিষেক’ চালু হতেই তৃণমূলে নতুন জল্পনা

abhishek banerjee 5
Email :4

ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উপর হামলা, ঘরছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানোর অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে নিচুতলার কর্মীদের পাশে দলের শীর্ষ নেতৃত্বকে দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠছিল (Abhishek Banerjee)। কর্মীদের একাংশের ক্ষোভও ক্রমশ বাড়ছিল। এমন পরিস্থিতিতেই অত্যাচারিত কর্মীদের আইনি সহায়তা দিতে নতুন উদ্যোগ নিল কালীঘাট তৃণমূল। শুরু করা হল ‘এক ডাকে অভিষেক’ নামে একটি বিশেষ সহায়তা কর্মসূচি। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও।

দলের দাবি, ভোট-পরবর্তী সময়ে বহু কর্মী ঘরছাড়া হয়েছেন, অনেকে হামলার শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিরোধী শিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের কোনও ভিত্তি নেই। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আইন নিজের পথে চলবে এবং কোনও অপরাধে কেউ জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নেওয়া হবে (Abhishek Banerjee)।

এদিকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। আবার অনেক নেতাকে জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছে না বলেও দলের অন্দরেই আলোচনা রয়েছে। এই আবহে নিচুতলার কর্মীদের মনোবল বাড়াতে নতুন কর্মসূচি সামনে আনল কালীঘাট তৃণমূল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের সামাজিক মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। প্রচারপত্রে জানানো হয়েছে, ভোট-পরবর্তী হিংসা, ঘরছাড়া, নিপীড়ন এবং রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া মামলায় জড়িয়ে পড়া কর্মীরা আইনি সহায়তার জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। সেই নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭।

এই উদ্যোগে কর্মীদের আস্থা কতটা ফিরবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সংগঠনের ভিত শক্ত করতে এবং কর্মীদের পাশে থাকার বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক মহলে আরও একটি বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বাইরে থেকে ভিতরের দৃশ্য দেখা না যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার তাঁর বাড়ির গেট ঢেকে দেওয়ার কাজ চলতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts