Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আরজি কর মামলায় বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের! সিবিআইকে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি
রাজ্য

আরজি কর মামলায় বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের! সিবিআইকে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি

calcutta high court
Email :5

আরজি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ফের প্রশ্নের মুখে সিবিআই। চার্জশিট জমা পড়ার দীর্ঘ সময় পরেও তদন্ত শেষ না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলে।

আদালতে সিবিআই একটি অগ্রগতি রিপোর্ট জমা দেয় (RG Kar Case) । সেই রিপোর্টে জানানো হয়, আদালতের নির্দেশ মেনে নতুন বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। কিন্তু রিপোর্ট দেখেই আদালত অসন্তোষ প্রকাশ করে। বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, আদালতের নির্দেশের প্রকৃত অর্থই বুঝতে পারেনি তদন্তকারী সংস্থা।

শুনানির সময় বিচারপতিরা জানতে চান, তদন্তে বিলম্বের জন্য কারা দায়ী এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার ঘটনায় কারও ভূমিকা রয়েছে কি না (RG Kar Case) । একইসঙ্গে নিহত তরুণীর পরিবারের অভিযোগ এবং তাঁদের বক্তব্য তদন্তে কতটা গুরুত্ব পেয়েছে, সেই প্রশ্নও ওঠে।

সিবিআই দাবি করে, পরিবারের বক্তব্য বারবার খতিয়ে দেখা হয়েছে এবং সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে আদালত জানতে চায়, পরিবারের সমস্ত বক্তব্য তদন্তের নথিতে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কি না।

এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কড়া ভাষায় বলেন, তদন্তে (RG Kar Case) সিবিআইয়ের মনোভাব সন্তোষজনক নয়। চার্জশিট জমা দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও তদন্ত শেষ না হওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে গতি না এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

শুনানিতে নিহত তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলাটি অন্য সংস্থার হাতে দেওয়ার আবেদনও জানানো হয়। তবে আদালত সিবিআইয়ের নতুন তদন্তকারী দলের উপর আপাতত আস্থা রাখার কথা জানিয়েছে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, পুরনো তদন্তকারী আধিকারিকদের কেউ নতুন বিশেষ তদন্তকারী দলের অংশ থাকতে পারবেন না।

মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ৬ অগস্ট। সেই শুনানির আগেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে বলে মনে করছে আইন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts