Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • স্বরূপ গ্রেফতারের পর নিউ আলিপুরে তাণ্ডব, থানার সামনে সংঘর্ষ, সুরুচি সংঘে ভাঙচুর
রাজ্য

স্বরূপ গ্রেফতারের পর নিউ আলিপুরে তাণ্ডব, থানার সামনে সংঘর্ষ, সুরুচি সংঘে ভাঙচুর

new alipore swaroop biswas
Email :4

স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas) গ্রেফতার হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় নিউ আলিপুর থানা চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায়। থানার সামনে বিক্ষোভ, মারধর এবং সংঘর্ষের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নামানো হয় বিশেষ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে থানার সামনে দেখতে পেয়ে ক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে ধাওয়া করে মারধর শুরু করে। পরিস্থিতি সামাল দিতে তিনি দ্রুত নিউ আলিপুর থানার ভিতরে আশ্রয় নেন। কিছুক্ষণ পরে তিনি থানা থেকে বেরোতেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁকে ঘিরে ধরে কিল, চড় ও ঘুষি মারার অভিযোগ ওঠে।

এর পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) অনুগামীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। হেলমেট দিয়ে আঘাত করে তাঁর নাক-মুখ ফাটিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়।

মুহূর্তের মধ্যে থানা সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। লাঠি হাতে বাহিনীর সদস্যরা এলাকা খালি করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

অন্যদিকে, বিকেলের দিকে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) সঙ্গে যুক্ত সুরুচি সংঘ ক্লাবেও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতার একাংশ ক্লাবের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। ক্লাবের ভিতরে বিভিন্ন সামগ্রী দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, ক্লাবের একটি কক্ষে বড় আকারের খাট, দামি আসবাব এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল। পাশাপাশি একটি আধুনিক শৌচাগারও রয়েছে সেখানে। ক্লাবের অন্য একটি ঘরে বিপুল পরিমাণ সরকারি পানীয় জল এবং ত্রাণসামগ্রী হিসেবে ব্যবহৃত শাড়ি পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি সামগ্রী ব্যবহারে অনিয়ম ও কারচুপির অভিযোগও তুলেছেন স্থানীয়দের একাংশ। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর একের পর এক নতুন অভিযোগ সামনে আসতে থাকায় রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তদন্ত যত এগোবে, ততই আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts