দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘে (Suruchi Sangha) বড় পরিবর্তন করা হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে আর জায়গা পাননি অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস। শুধু তাঁরাই নন, তাঁদের ঘনিষ্ঠ বলেও পরিচিত কোনও সদস্যকেও নতুন কমিটিতে রাখা হয়নি বলে জানা গিয়েছে।
নতুন কমিটির সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। পাশাপাশি কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নতুন কমিটি গঠনের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা (Suruchi Sangha)।
সুরুচি সংঘের (Suruchi Sangha) দুর্গাপুজো দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম আকর্ষণ। এই পুজোর সঙ্গে অরূপ বিশ্বাসের নাম বহু বছর ধরে জড়িয়ে ছিল। বড় বাজেট, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং জাঁকজমকের জন্য এই পুজো আলাদা পরিচিতি তৈরি করেছিল। তবে নতুন কমিটির দাবি, এবার থেকে এই পুজো আরও বেশি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে।
নতুন সম্পাদক সৌরভ শিকদার বলেন, এতদিন এই পুজোকে ঘিরে নানা অভিযোগ ছিল। এলাকার মানুষের মতামত নিয়েই নতুন কমিটি তৈরি হয়েছে। তাঁর দাবি, এবার থেকে কোনও ভিআইপি সংস্কৃতি নয়, সকলের অংশগ্রহণে সার্বজনীন দুর্গাপুজো হবে। আগামী রথের দিন খুঁটি পুজোর মধ্য দিয়েই প্রস্তুতি শুরু হবে (Suruchi Sangha)।
স্থানীয় অনেক বাসিন্দারও দাবি, নতুন কমিটি গঠনের ফলে স্বচ্ছতা বাড়বে এবং পুজোকে ঘিরে বিতর্কের অবসান ঘটবে। তাঁদের আশা, এবার সুষ্ঠু ও স্বচ্ছভাবে দুর্গাপুজোর আয়োজন হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক মামলায় অরূপ বিশ্বাসের নাম উঠে এসেছে। অন্যদিকে স্বরূপ বিশ্বাসও বিভিন্ন অভিযোগের জেরে আইনি সমস্যায় রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের বাদ দিয়েই সুরুচি সংঘের নতুন কমিটি গঠন হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।






