মেসি-কাণ্ডে আরও বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup biswas) চাপ। আগেই তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছিল। এবার তদন্তের স্বার্থে তাঁকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী পাঁচ জুন দুপুর বারোটার মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে (Arup biswas)। তিনি ওই দিন হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
এই ঘটনায় অভিযোগকারী শতদ্রু দত্ত আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। পরে সমাজমাধ্যমে সেই তথ্য নিজেই প্রকাশ করেছিলেন শতদ্রু। পাশাপাশি আইনি পদক্ষেপের জন্য বর্তমান রাজ্য সরকার, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের ধন্যবাদও জানিয়েছিলেন তিনি।
পুলিশের তলবের খবর সামনে আসার পর ফের নতুন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন শতদ্রু। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আশা করেছিলেন যে ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। তদন্তের বর্তমান গতিপ্রকৃতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাঁকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছিল এবং ঘটনাটির জন্য দায়ী হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল। তাই তিনি চান প্রকৃত সত্য সামনে আসুক। তাঁর কথায়, তিনি কোনওভাবেই ওই অনুষ্ঠান ভেস্তে যাওয়ার জন্য দায়ী ছিলেন না। অনেক আগেই অরূপ বিশ্বাসকে (Arup biswas) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাসের (Arup biswas) বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ করা, তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানো এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো বিষয়। সেই অভিযোগগুলির তদন্তে নেমেই তাঁকে তলব করেছে পুলিশ।
মেসি-কাণ্ডে এই নতুন পদক্ষেপের ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী পাঁচ জুন অরূপ বিশ্বাস থানায় হাজিরা দেন কি না এবং তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর সকলের।










