সুরেন্দ্রনাথ কলেজের (Surendra Nath College) পাঁচতলায় দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুমের সন্ধান মিলতেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ওই ঘরগুলির চাবি দীর্ঘদিন ধরে কিছু তৃণমূল ছাত্রনেতার কাছেই থাকত। শুধু তাই নয়, ওই ঘরগুলিতে অসামাজিক কার্যকলাপ চলত বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কলেজের একাংশ।
ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের (Surendra Nath College) ভিতরে কীভাবে এমন শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম তৈরি হল এবং কারা সেই ঘর ব্যবহার করতেন। কলেজের অন্দরেই এই ধরনের পরিকাঠামো ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
সুরেন্দ্রনাথ (Surendra Nath College) নৈশ কলেজের অশিক্ষক কর্মচারী দেবাশীষ প্রধান অভিযোগ করে বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তাঁর দাবি, দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু কার্যত গোটা কলেজ পরিচালনা করতেন। কলেজের ভিতরে নানা অনৈতিক কাজ চললেও ভয় এবং চাপের কারণে অনেকেই প্রতিবাদ করার সাহস পাননি।
তিনি আরও বলেন, এই ঘটনার ফলে কলেজের দীর্ঘদিনের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হতে পারে। তাঁর কথায়, যে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে স্বামী বিবেকানন্দের স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই কলেজে এমন ঘটনা সামনে আসবে তা কেউ কল্পনাও করেননি।
ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহল ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কলেজের ভিতরে ওই ঘরগুলির প্রকৃত ব্যবহার কী ছিল, কারা সেখানে যাতায়াত করতেন এবং কীভাবে এই পরিকাঠামো গড়ে উঠল, তা নিয়ে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে।








