নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে (NEET Paper Leak) দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে এবার বড় সাফল্য পেল সিবিআই। পিভি কুলকর্নি নামে পুণের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।
সিবিআই সূত্রে খবর, কুলকর্নি মূলত মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কাজ করতেন। তদন্তকারীদের দাবি, প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত থাকার সুযোগ কাজে লাগিয়েই বড় প্রশ্নফাঁস চক্র তৈরি করা হয়েছিল (NEET Paper Leak)।
তদন্তে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে নিজের বাড়িতে একটি বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন কুলকর্নি। সেখানে তাঁর সহযোগী ছিলেন মনীষা ওয়াঘমার নামে আর এক অভিযুক্ত। গত ১৪ মে তাঁকেও গ্রেপ্তার করেছে সিবিআই (NEET Paper Leak)।
অভিযোগ, ওই কোচিং ক্লাসে পরীক্ষার্থীদের নিটের সম্ভাব্য প্রশ্ন ও উত্তর বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরে দেখা যায়, ৩ মে হওয়া নিট পরীক্ষার বহু প্রশ্নের সঙ্গে সেই প্রশ্নপত্র হুবহু মিলে গিয়েছে।
সিবিআই জানিয়েছে, ফাঁস হওয়া সম্ভাব্য প্রশ্নপত্রে মোট ৪১০টি প্রশ্ন ছিল। তার মধ্যে ১২০টি রসায়নের প্রশ্ন আসল পরীক্ষার প্রশ্নের সঙ্গে একেবারে মিলে যায়। শুধু প্রশ্ন নয়, উত্তরের অপশনও একই ছিল বলে দাবি তদন্তকারীদের (NEET Paper Leak)।
এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযুক্তদের মধ্যে কেউ জয়পুর, কেউ গুরুগ্রাম, নাসিক, পুণে এবং অহল্যানগরের বাসিন্দা।
এদিকে শুক্রবার প্রথমবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কেন্দ্র সরকার জিরো টলারেন্স নীতি নেবে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি (NEET Paper Leak)।
ধর্মেন্দ্র প্রধান বলেন, “পরীক্ষা ব্যবস্থায় কোথাও ত্রুটি ছিল, আমরা সেটা স্বীকার করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বড় পরিবর্তন আনা হবে।”
জানা গিয়েছে, আগামী বছর থেকে নিট পরীক্ষার পদ্ধতিতে বড় বদল আসছে। এতদিন খাতা-কলম এবং ওএমআর শিটে পরীক্ষা হত। কিন্তু আগামী বছর থেকে পুরো পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্দিষ্ট অনলাইন পরীক্ষাকেন্দ্রে গিয়ে কম্পিউটারে পরীক্ষা দেবে।
উল্লেখ্য, গত ৩ মে নিট ইউজি পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। এরপরই তদন্তভার নেয় সিবিআই।













