ভোট গণনার ঠিক আগের রাতে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে। লোডশেডিংয়ের সুযোগ নিয়ে ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করে আগে থেকেই সতর্ক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের নির্দেশ ছিল, গণনাকেন্দ্রের বাইরে ট্রান্সফর্মার পর্যন্ত নজরদারিতে রাখতে হবে। সেই নির্দেশ মেনে জলপাইগুড়িতে তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মীরা (TMC Workers) ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি হয়েছে স্ট্রংরুম। সেখানেই সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে। তার আগে রবিবার রাত থেকেই কড়া নজরদারি চলছে। স্ট্রংরুমের ভিতরে সিসিটিভি ঘরে নজর রাখছেন তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। বাইরে ট্রান্সফর্মার পাহারার দায়িত্বও তাঁদের উপরেই রয়েছে। তাঁদের আশঙ্কা, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে ইভিএমে কারচুপি করা হতে পারে (TMC Workers)।
অন্যদিকে বিজেপিও একই রকম আশঙ্কা প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে মহিলা সংগঠনের সদস্যদের স্ট্রংরুম পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। জলপাইগুড়িতেও সেই নির্দেশ মেনে মহিলা কর্মীরা স্ট্রংরুমের ভিতর ও বাইরে নজরদারি চালাচ্ছেন। যদিও বিজেপির দাবি, তারা জয়ের খুব কাছাকাছি রয়েছে, তবুও শেষ মুহূর্তে কোনও অনিয়ম হতে পারে বলে তারা সতর্ক রয়েছে।
সব মিলিয়ে গণনার আগের রাতে দুই পক্ষই চরম সতর্ক অবস্থানে রয়েছে। স্ট্রংরুম ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ও নজরদারির মধ্যে দিয়ে কাটছে রাত। এখন দেখার, ফল ঘোষণার দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় (TMC Workers)।












