প্রথম দফার ভোট শেষ হতেই নন্দীগ্রাম নিয়ে জল্পনা তুঙ্গে। তৃণমূল প্রার্থী পবিত্র কর না বিজেপির শুভেন্দু অধিকারী—কে জিতবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যেই নিজের ঘাঁটি ডায়মন্ড হারবার থেকে আত্মবিশ্বাসী সুরে বড় দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, নন্দীগ্রামে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত।
শুক্রবার তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে রোড শো করেন অভিষেক (Abhishek Banerjee)। কপাটহাট থেকে স্টেশন মোড় পর্যন্ত মিছিল করেন তিনি। প্রচুর মানুষের উপস্থিতি ছিল সেই মিছিলে। পরে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে দাঁড়িয়ে সভা করেন অভিষেক (Abhishek Banerjee)। সেখান থেকেই তিনি বলেন, আগেও এই জায়গা থেকে তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা মিলেছিল। এবারও তিনি দাবি করেন, প্রথম দফার ভোটে তৃণমূল একশোর বেশি আসন পেয়ে গেছে, যা একশো পাঁচ বা একশো দশও হতে পারে।
এর পাশাপাশি নন্দীগ্রাম নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি (Abhishek Banerjee)। অভিষেক বলেন, নন্দীগ্রামে তৃণমূল জিতছে এবং এই বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত। তিনি বলেন, এই মাটি থেকে যা বলেন, তা সত্যি হয়।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি অভিষেক। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অপশব্দ ব্যবহারের অভিযোগ ঠিক নয়। নিজের রাজনৈতিক জীবনে কখনও কাউকে অপমান করেননি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি অমিত শাহকে উদ্দেশ করে বলেন, গরমে মাথা ঠান্ডা রাখা দরকার এবং সাহস থাকলে চার তারিখ পর্যন্ত বাংলায় থাকতে হবে।
উল্লেখ্য, এবারের নন্দীগ্রাম লড়াই বেশ জমজমাট। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে পবিত্র কর। দুজনেই এলাকার পরিচিত মুখ। একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন তাঁদের রাজনৈতিক পথ আলাদা। তৃণমূল শেষ মুহূর্তে পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছে। ফলে নন্দীগ্রামের ফলাফল নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। এখন সকলের নজর সেই ফলাফলের দিকেই।













