প্রথম দফার ভোটের ঠিক একদিন আগে মালদহে দেখা গেল এক অন্য ছবি। ভোর হতেই মালদহ টাউন (Maldah) স্টেশনে ভিড় জমাতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। কেউ ফিরছেন মুম্বাই থেকে, কেউ আবার কেরল থেকে। অনেকেই কয়েক মাস নয়, প্রায় দু’বছর পর বাড়ি ফিরছেন শুধু ভোট দেওয়ার জন্য।
স্টেশনে নামতেই তাঁদের চোখেমুখে ক্লান্তি থাকলেও স্পষ্ট এক ধরনের তাগিদ দেখা যাচ্ছে (Maldah)। তাঁদের বক্তব্য, ভোট দেওয়া এবার খুবই গুরুত্বপূর্ণ। মালদহের এক শ্রমিক ওবায়দুর রহমান বলেন, তিনি শুধু ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরেছেন। আগে সবসময় আসা সম্ভব হত না, কিন্তু এবার তালিকায় নাম থাকায় ভোট দেবেনই।
রতুয়ার বাসিন্দা (Maldah) আর এক শ্রমিক মহম্মদ টনি জানান, তিন মাস আগে কাজের জন্য মুম্বাই গিয়েছিলেন। কিন্তু ভোটের জন্য আগেই ফিরে আসতে হয়েছে। তিনি সেখানে মাছ বিক্রির কাজ করেন, তবুও তাঁর কাছে ভোট দেওয়া দায়িত্বের বিষয়।
আগামীকাল রাজ্যের যেসব জেলায় ভোট হবে, তার মধ্যে মালদহ অন্যতম। এই জেলায় বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং গোটা রাজ্যে মোট একশো বাহান্নটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের এইভাবে বাড়ি ফেরা নতুন করে নজর কেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য এই আগ্রহ একটি বড় বার্তা দিচ্ছে। ভোট শুধু একটি প্রক্রিয়া নয়, এটি দায়িত্ব—এই বিশ্বাসই যেন আবার সামনে এনে দিল মালদহের এই দৃশ্য।












