উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুনে এক জওয়ানের (BSF Jawan) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং। তিনি ওই ক্যাম্পে সহকারী উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, ক্যাম্পের পেট্রোল মজুত রাখার ঘরে আগুন লাগে। সেই সময় ঘরের ভিতরে ছিলেন জ্যোতিরাম সিং (BSF Jawan)। আচমকা আগুন ছড়িয়ে পড়ায় তিনি বেরিয়ে আসার সুযোগ পাননি। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় এবং মুহূর্তে ঘরটি জ্বলতে শুরু করে।
ঘটনা বুঝতে পেরে ক্যাম্পের অন্য জওয়ানরা আগুন নেভানোর চেষ্টা করেন (BSF Jawan)। স্থানীয় বাসিন্দারাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে প্রথমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর জওয়ানকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়ে যায় (BSF Jawan)। দেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে একটি জোরালো শব্দ শোনার পর তাঁরা আগুন দেখতে পান। এরপর সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, মৃত জওয়ান এলাকার সবার সঙ্গে মিশতেন এবং খুব ভাল মানুষ ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।













