সংসদে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে তীব্র বিতর্কের মাঝে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি বলেন, এই প্রক্রিয়ায় দেশের কোনও রাজ্যের সঙ্গে কোনও ভেদাভেদ করা হবে না এবং কেউ বঞ্চিত হবে না।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, যারা এই বিলের বিরোধিতা করছেন, তারা রাজনৈতিক কারণে তা করছেন। তাঁর কথায়, এই প্রক্রিয়ায় কোনও অন্যায় বা বৈষম্য হবে না। তিনি বলেন, প্রয়োজন হলে তিনি গ্যারান্টি দিতেও প্রস্তুত।
নাম না করে বিরোধী দলগুলিকে আক্রমণ করে তিনি বলেন, ভারতকে একসঙ্গে দেখাই তাঁর সরকারের লক্ষ্য। কোনও রাজ্যের প্রতি অবিচার করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
মহিলা সংরক্ষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে যারা এই সংরক্ষণের বিরোধিতা করেছেন, তাদের মানুষ ক্ষমা করেনি। তিনি জানান, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে দেশের স্বার্থে দেখা উচিত। তাঁর মতে, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল (PM Modi) ।
প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, দেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, যখন সমাজ এবং নেতৃত্ব মিলেই নতুন দিশা দেখায়। তাঁর দাবি, এই বিল সেই রকমই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি আরও জানান, গত কয়েক দশকে মহিলারা সমাজে নেতৃত্বের জায়গা করে নিয়েছেন এবং সেই পরিবর্তনকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। যারা এখনও এই বিষয়ে আপত্তি তুলছেন, তাদের ভবিষ্যতে তার মূল্য দিতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, তারা যদি এই বিলের বিরোধিতা করেন, তাহলে তাঁর রাজনৈতিক লাভ হতে পারে। তবে সবাই একসঙ্গে সমর্থন করলে কেউ একা লাভবান হবে না। তিনি বলেন, বিরোধীরা যদি কৃতিত্ব নিয়ে চিন্তিত হন, তবে সেই কৃতিত্বও তাঁদের দিতে তিনি প্রস্তুত।
সব মিলিয়ে সংসদে এই বিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।













