অবশেষে বাংলার এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের তরফে আদালতে আবেদন করা হয়েছিল। এই মামলার শুনানিতে নিজে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি চলছিল।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ফলে ট্রাইব্যুনালে কোনও নাম বৈধ বলে প্রমাণিত হলেও সেই ব্যক্তি ভোট দিতে পারতেন না। এই অবস্থায় সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বিশেষ নির্দেশ দেয়।
আদালত (Supreme Court) জানায়, ভোটের দুই দিন আগে পর্যন্ত যদি ট্রাইব্যুনালে কোনও নাম বৈধ বলে ঘোষণা করা হয়, তাহলে সেই ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সেই হিসেবে ২১ এবং ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
সুপ্রিম কোর্ট (Supreme Court) আরও নির্দেশ দিয়েছে, প্রয়োজন হলে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যাঁদের নাম ট্রাইব্যুনালে অনুমোদিত হবে, তাঁদের নাম নিয়ে আলাদা তালিকা তৈরি করে ভোটের সুযোগ দিতে হবে।
সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে, যা দেশের সব আদালতের জন্য বাধ্যতামূলক। এই মামলায় সেই বিশেষ ক্ষমতাই প্রয়োগ করা হয়েছে।
এই রায়কে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
সব মিলিয়ে ভোটের আগে এই সিদ্ধান্ত নির্বাচনী পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।












