ভোটের উত্তাপে ইতিমধ্যেই গরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই ভবানীপুরে এক আশ্রমে ঢুকে সাধুদের উপর হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Bhabanipur)। ঘটনাটি প্রকাশ্যে আনেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গেরুয়া বসন পরা সাধুদের জোর করে আশ্রম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে(Bhabanipur) ।
অভিযোগ অনুযায়ী, ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে কয়েকজন সাধু থাকতেন। তাঁরা আশেপাশের এলাকায় ধর্মীয় প্রচার চালাচ্ছিলেন (Bhabanipur)। শুক্রবার আচমকাই কিছু লোক আশ্রমে ঢুকে তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। সাধুদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় এবং তাঁদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি আশ্রমের জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার জন্য স্থানীয় কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে বিজেপি (Bhabanipur)। অভিযোগ, তিনি তাঁর অনুগামীদের নিয়ে এসে সাধুদের ভয় দেখান। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, এই রাজ্যে ধর্মীয় প্রচার কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে? তাঁর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত কাউন্সিলরের বক্তব্য ভিন্ন (Bhabanipur)। তাঁর দাবি, এলাকার মানুষ অভিযোগ করেছিলেন যে কিছু ব্যক্তি সাধুর বেশে বাড়ি বাড়ি ঢুকে পড়ছেন এবং ছবি তুলছেন। এতে মহিলারা অস্বস্তি বোধ করছিলেন। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতেই তিনি সেখানে গিয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন।
ঘটনার পর আশ্রমের এক সাধু জানিয়েছেন, এই ঘটনার ফলে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। দৈনন্দিন কাজকর্ম চালানোও কঠিন হয়ে উঠেছে। ভোটের মুখে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা, যা আগামী দিনে আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।













