ভোটের আগে রাজনীতির ময়দানে নতুন সমীকরণ তৈরি হল মুর্শিদাবাদে (Murshidabad)। সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামের হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবার এবার বিজেপির হয়ে প্রচারে নামলেন। বুধবার সামশেরগঞ্জে বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনে প্রচারে অংশ নেন হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস (Murshidabad)।
ধুলিয়ান পুরসভার এলাকায় একটি কর্মিসভায় তাঁদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে (Murshidabad)। বিজেপির মহিলা মোর্চার ডাকে ওই সভায় যোগ দেন তাঁরা। সেখানেই শোনা যায়, তাঁরা সক্রিয়ভাবে বিজেপির হয়ে প্রচার করবেন।
পারুল দাস জানান (Murshidabad), কঠিন সময়ে বিজেপি তাঁদের পাশে দাঁড়িয়েছে। তাঁর কথায়, “আমাদের সবচেয়ে খারাপ সময়ে বিজেপি আমাদের সাহায্য করেছে। এখনও পাশে রয়েছে। তাই তাঁদের ডাকে এসেছি।”
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে ওয়াকফ আইনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছিল। সেই সময় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকাতেও উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই অশান্তির মধ্যেই কোনও সরাসরি সম্পর্ক না থাকা সত্ত্বেও হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস হামলার শিকার হন এবং তাঁদের হত্যা করা হয়।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। পরে আদালত এই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে এবং তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
এবার সেই নিহতদের পরিবারের সদস্যরাই রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে বিজেপির পাশে দাঁড়ানোয় নির্বাচনের আগে নতুন করে আবেগ ও বিতর্ক দুই-ই তৈরি হয়েছে।












