নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাকে ঘিরে আচমকা চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল। সভামঞ্চের সামনেই তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারতেও দেখা যায়। ফলে সভাস্থলের একটি অংশ লণ্ডভণ্ড হয়ে যায় (Abhishek Banerjee)।
ঘটনাস্থলে দেখা যায়, এক যুবক সামনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট। মূলত বিধানসভা নির্বাচনে পছন্দের নেতাকে টিকিট না দেওয়ার প্রতিবাদেই এই বিক্ষোভ শুরু হয় (Abhishek Banerjee)।
জানা গিয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ এবার টিকিট পাননি। তাঁর অনুগামীরাই মিছিল করে সভামঞ্চের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে তাঁরা দর্শক আসনের বাইরে ছিলেন। পরে ব্লক সভাপতি ভিতরে ঢোকার পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
মঞ্চ থেকে দলের নেতৃত্ব কর্মীদের শান্ত থাকার আবেদন জানাতে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কিছুক্ষণের মধ্যেই সভায় যোগ দেওয়ার কথা ছিল। তার আগে ভাঙা চেয়ার ঠিক করে নেওয়ার কথাও বলা হয়। কিন্তু সেই কথা উপেক্ষা করে অনেকেই বিক্ষোভ চালিয়ে যান। আগে থেকে বসে থাকা লোকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, যার ফলে উত্তেজনা আরও বাড়ে।
সূত্রের খবর, নওদা কেন্দ্রে এ বার প্রার্থী হয়েছেন শাহিনা মমতাজ। এই সিদ্ধান্তেই ক্ষোভ তৈরি হয়েছে ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে।
এই ঘটনার পর এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।












